জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের প্রথম ও প্রধান আইনি অধিকার। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, বিয়ের কাবিননামা কিংবা জাতীয় পরিচয়পত্রের মতো সব ক্ষেত্রেই জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়। প্রযুক্তির কল্যাণে এখন আর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় না। Birth Registration Online Application Bangladesh প্রক্রিয়ার মাধ্যমে আপনি এখন ঘরে বসেই আপনার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করতে পারেন। আজকের ব্লগে আমরা ধাপে ধাপে জানবো নতুন জন্ম নিবন্ধন আবেদন ২০২৬ এর সম্পূর্ণ এবং সঠিক নিয়ম।
কখন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন
জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুসারে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
বিভিন্ন অসুবিধার কারণে ৪৫ দিনের মধ্যে করতে না পারলেও আমার পরামর্শ থাকবে আপনার শিশুর ৫ বছরের মধ্যে অবশ্যই জন্ম নিবন্ধন করিয়ে নিবেন।
অন্যথায়, ৫ বছর বয়স অতিক্রান্ত হলে জন্ম নিবন্ধন করতে অনেক অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হয় এবং ঝামেলা পোহাতে হয়।
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে কী কী কাগজ লাগে?
আবেদন শুরু করার আগেই নিচের স্ক্যান করা ডকুমেন্টগুলো আপনার ফোন বা কম্পিউটারে রেডি রাখুন:
- মেডিকেল সার্টিফিকেট: চিকিৎসক কর্তৃক প্রদত্ত জন্ম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
- ট্যাক্স রশিদ: পিতা বা মাতার বাড়ির হালনাগাদ কর বা ট্যাক্স পরিশোধের রশিদ।
- জাতীয় পরিচয়পত্র: আবেদনকারীর বয়স বেশি হলে এবং এনআইডি থাকলে সেটি যুক্ত করা যায় (বাধ্যতামূলক নয়)।
(বি.দ্র: বয়স ১০ বছরের বেশি হলে পিতা ও মাতার জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় না, শুধু তাদের নাম দিলেই চলে। ১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন নম্বর লাগতে পারে।)
জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই আবেদন সম্পন্ন করতে পারবেন:
ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও ঠিকানা নির্বাচন
প্রথমে আপনার ব্রাউজার থেকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। মেনু থেকে ‘জন্ম নিবন্ধন’ নির্বাচন করে ‘জন্ম নিবন্ধন আবেদন’ অপশনে ক্লিক করুন। এরপর আপনি কোন ঠিকানায় নিবন্ধন করতে চান সেটি সিলেক্ট করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
ধাপ ২: আবেদনকারীর পরিচিতি পূরণ
এখানে যার নিবন্ধন করা হবে তার তথ্য দিতে হবে।
- নামের প্রথম ও শেষ অংশ প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে লিখুন।
- সঠিক জন্ম তারিখ নির্বাচন করুন।
- ‘আমার কাছে ডকুমেন্টস গুলি আছে’ বক্সে ক্লিক করে পিতা ও মাতার কততম সন্তান এবং লিঙ্গ নির্বাচন করুন।
ধাপ ৩: জন্মস্থান ও স্থায়ী ঠিকানা
আপনার জন্মস্থানের দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড নম্বর নির্বাচন করুন। এরপর ডাকঘর ও গ্রামের নাম বাংলা ও ইংরেজিতে নির্ভুলভাবে লিখুন। আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তবে নির্দিষ্ট টিক বক্সগুলোতে ক্লিক করলে তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে কপি হয়ে যাবে।
ধাপ ৪: পিতা ও মাতার তথ্য
পিতা এবং মাতার নাম বাংলা ও ইংরেজিতে লিখুন এবং তাদের জাতীয়তা নির্বাচন করুন।
ধাপ ৫: ডকুমেন্টস আপলোড
‘সংযোজন’ বাটনে ক্লিক করে আপনার স্ক্যান করা ডকুমেন্টসগুলো আপলোড করুন:
১. প্রথমে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র আপলোড করুন।
২. এরপর পিতা বা মাতার বাড়ির হালনাগাদ ট্যাক্স রশিদ আপলোড করুন।
সব আপলোড হয়ে গেলে ‘স্টার্ট’ বাটনে ক্লিক করে সেভ করুন এবং পরবর্তী ধাপে যান।
ধাপ ৬: ওটিপি ভেরিফিকেশন ও সাবমিট
আবেদনকারী হিসেবে ‘নিজ’ সিলেক্ট করে ঘোষণা বক্সে টিক দিন। এরপর আপনার সচল ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর প্রদান করুন। ‘ওটিপি পাঠান’ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে। কোডটি বসিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে যাবে!
২০২৬ সালের আবেদনে বিশেষ সতর্কতা
২০২৬ সালে আবেদন সাবমিট করার পর সরাসরি ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করলে অনেক সময় লগিন পেইজ চলে আসে। তাই আবেদন সফল হওয়ার পর স্ক্রিনে যে আবেদনপত্রের নম্বর এবং সাবমিটের তারিখ দেখাবে, সেই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা পেজটি সরাসরি প্রিন্ট করে নিন।
আবেদনের পরবর্তী করণীয় এবং অন্যান্য সেবা
আপনার প্রিন্ট করা আবেদনপত্র এবং আপলোড করা কাগজপত্রের মূল কপিগুলো নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা নিবন্ধক কার্যালয়ে জমা দিন। সেখান থেকেই আপনি আপনার ডিজিটাল জন্ম সনদটি সংগ্রহ করতে পারবেন।
ভবিষ্যতে আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে জন্ম নিবন্ধন অনলাইন চেক অপশনটি ব্যবহার করতে পারেন। এছাড়া সনদে কোনো ভুল থাকলে ওয়েবসাইটের মাধ্যমেই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার সুযোগ রয়েছে।
অনলাইন জন্ম নিবন্ধন নিয়ে সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
জন্ম নিবন্ধন আবেদন করতে কত টাকা ফি লাগে?
জন্ম নিবন্ধনের ফি সাধারণত বয়স এবং স্থান ভেদে ভিন্ন হয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী ৪৫ দিন বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন একদম ফ্রি। ৫ বছর বয়স পর্যন্ত ফি ২৫ টাকা এবং ৫ বছরের উপরে হলে দেশের ভেতরে ৫০ টাকা ও দেশের বাইরে ১ ডলার সমপরিমাণ ফি লাগে। সংশোধনের ক্ষেত্রে ফি এর পরিমাণ আলাদা হতে পারে।
জন্ম নিবন্ধন আবেদন করার কতদিন পর জন্ম সনদ পাওয়া যায়?
অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়ার পর সাধারণত ৫ থেকে ১০ কর্মদিবসের মধ্যে জন্ম সনদ পাওয়া যায়। তবে বিশেষ ক্ষেত্রে সময় কিছুটা কম বা বেশি হতে পারে।
পিতা বা মাতার জন্ম নিবন্ধন না থাকলে কি জন্ম নিবন্ধন আবেদন করা যাবে?
২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স যদি ১০ বছরের বেশি হয় তবে পিতা ও মাতার জন্ম নিবন্ধন নম্বর ছাড়াই শুধুমাত্র তাদের নাম দিয়ে আবেদন সম্পন্ন করা যায়। তবে আবেদনকারীর বয়স ১০ বছরের কম হলে পিতা ও মাতার জন্ম নিবন্ধন থাকা প্রয়োজন হতে পারে।
জন্ম নিবন্ধন আবেদনপত্রে কোনো তথ্য ভুল হলে করণীয় কী?
আবেদন সাবমিট করার আগে প্রিভিউ সেকশনে ভালোভাবে চেক করে নেওয়া উচিত। যদি সাবমিট করার পর ভুল ধরা পড়ে তবে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে অনুমোদন হওয়ার আগেই বাতিল করতে হবে অথবা সনদ পাওয়ার পর সংশোধনের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
জন্ম নিবন্ধনের আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করব?
আবেদন করার সময় আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেই আইডি এবং আপনার জন্ম তারিখ দিয়ে bdris.gov.bd ওয়েবসাইট থেকেই সরাসরি আবেদনের বর্তমান অবস্থা দেখে নিতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন কি মোবাইল দিয়ে করা যায়?
হ্যাঁ, স্মার্টফোনের যেকোনো ব্রাউজার ব্যবহার করে পিসির মতোই একইভাবে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি বা স্ক্যান কপি ফোনে সেভ করে রাখতে হবে।
জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?
জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যু করা, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড করা, ড্রাইভিং লাইসেন্স, জমি কেনাবেচা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সরকারি সকল সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক।
উপসংহার
ঘরে বসে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ। দালালের চক্রে না পড়ে বা অতিরিক্ত টাকা খরচ না করে উপরের নিয়মগুলো অনুসরণ করে আপনি নিজেই নিজের বা পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন সম্পন্ন করতে পারেন। আজই আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে দিন!
