Site icon Chartered Journal

কিভাবে জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন?

How to change NID Photo and Signature

জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের ছবি ও স্বাক্ষর নিয়ে অনেকেরেই অসন্তুষ্টি আছে। এখন আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। প্রক্রিয়াটি খুবিই সহজ। এই ব্লগ পোস্টে আমরা জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করব, যাতে আপনি সহজেই আপনার কাজটি সম্পন্ন করতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার ধাপসমূহ

ধাপ ১: নির্বাচন অফিসে আবেদন

আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি অথবা স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে আপনাকে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে, যেখানে আপনি ভোটার হিসেবে নিবন্ধিত।

ধাপ ২: আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ফি

ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য আপনাকে ফরম-২ পূরণ করতে হবে। এই ফরমটি সংশ্লিষ্ট নির্বাচন অফিসেই পেয়ে যাবেন। আবেদন করার আগে আপনাকে সরকারি ফি বাবদ ২৩০/- টাকা জমা দিতে হবে। এই ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন, যেমন বিকাশ বা রকেট। ফি জমা দেওয়ার সময় “NID Info Correction” অ্যাপ্লিকেশন টাইপটি নির্বাচন করতে ভুলবেন না। মনে রাখবেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো সেবার ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেওয়া যায় না।

ধাপ ৩: ছবি তোলা ও স্বাক্ষর গ্রহণ

ফি জমা দিয়ে ফরম পূরণ করার পর, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসেই আপনার নতুন ছবি তোলা হবে এবং স্বাক্ষর গ্রহণ করা হবে। এই তথ্যগুলো সরাসরি সার্ভারে পাঠানো হবে অনুমোদনের জন্য।

ধাপ ৪: অনুমোদন প্রক্রিয়া

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো “খ” ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সাধারণত, এই ধরনের আবেদনগুলো সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।

চূড়ান্ত ধাপ

আপনার আবেদন অনুমোদিত হলে, আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনি দুটি উপায়ে আপনার নতুন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন:

১. অনলাইন থেকে ডাউনলোড: আপনি চাইলে অনলাইন থেকে আপনার নতুন NID কার্ডের কপি ডাউনলোড করে নিতে পারবেন।

২. সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ: অথবা, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি ও স্বাক্ষর সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

শেষকথা

যারা অনেকদিন থেকে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের জন্য এই লেখাটি অবশ্যই সহায়ক হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার অভিজ্ঞতা আমাদেরকে জানান। এছাড়াও জাতীয় পরিচয়পত্র সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।

Exit mobile version