অক্টোবর ২০২৫-এ প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক নতুন অধ্যাদেশ (অধ্যাদেশ নং-৫২, ২০২৫) অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আইনে পরিবর্তন করা হয়েছে। সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এই ‘অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন ও জারি করেছেন। এই লেখায় আমরা এই গুরুত্বপূর্ণ সংশোধনীর মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সংশোধন
এই অধ্যাদেশের মাধ্যমে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ (২০১২ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১২৬-এ পরিবর্তন আনা হয়েছে।
মূল পরিবর্তন:
- ধারা ১২৬ এর উপ-ধারা (১) প্রতিস্থাপন করে নতুন বিধান আনা হয়েছে।
- নতুন বিধান অনুযায়ী, সরকার এখন সরকারি গেজেটে প্রজ্ঞাপন বা বিশেষ আদেশ দ্বারা যেকোনো পণ্য বা পণ্য শ্রেণির আমদানি, সরবরাহ বা প্রদত্ত যেকোনো সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক বা আগাম কর থেকে অব্যাহতি প্রদান করতে পারবে।
- এই অব্যাহতি প্রজ্ঞাপন বা বিশেষ আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কার্যকর হবে।
আয়কর আইন, ২০২৩ এর সংশোধন: উৎসে কর কর্তনের হার পরিবর্তন
আয়কর আইন, ২০২৩’ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ১০৬ এবং ধারা ১৬৩-এ সংশোধনী আনা হয়েছে।
উৎসে কর কর্তন (ধারা ১০৬) এর হার পরিবর্তন
ধারা ১০৬-এর সংশোধনের মাধ্যমে উৎসে কর কর্তনের (Tax Deduction at Source – TDS) ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে:
| ক্রমিক নং | প্রাপকের ধরন | কর কর্তনের হার |
|---|---|---|
| ১ | কোম্পানি করদাতার ক্ষেত্রে | ১৫% |
| ২ | কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে | ১০% |
নতুন অধ্যাদেশ অনুযায়ী করদাতাদের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বৃদ্ধি করা হলো।
চূড়ান্ত করদায় (ধারা ১৬৩) নির্ধারণে নতুন নির্দেশনা
ধারা ১৬৩-এর উপ-ধারা (১১) প্রতিস্থাপন করে নতুন একটি সারণী ও শর্তাংশসমূহ যোগ করা হয়েছে। এই সংশোধনীতে কিছু নির্দিষ্ট আয়ের উৎস/খাত থেকে উৎসে কর্তিত বা সংগৃহীত করকে সংশ্লিষ্ট করবর্ষে ‘চূড়ান্ত করদায়’ (Final Tax Liability) হিসাবে গণ্য করা হবে।
এই সারণীতে উল্লিখিত ব্যক্তির ক্ষেত্রে, উৎসে কর্তিত বা সংগৃহীত করের পরিমাণই হবে চূড়ান্ত করদায়:
| ক্রমিক নং | আয়ের উৎস/উৎসে কর সংগ্রহের খাত | যে ধারার অধীন উৎসে কর কর্তন/সংগ্রহযোগ্য | যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য |
|---|---|---|---|
| ১ | এই আইনের ধারা ৩০ এ উল্লিখিত আয়ের খাতসমূহ | এই আইনের অংশ-৭ এর অন্তর্ভুক্ত সকল ধারা | ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণ |
| ২ | সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা | ১০৫ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি |
| ৩ | সম্পত্তির অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনি আয় | ১১১ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি |
| ৪ | রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি | ১১২ | যেকোনো ব্যক্তি |
| ৫ | সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনি আয় | ১২৫ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি |
| ৬ | বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে অগ্রিম কর সংগ্রহ | ১৩৮ | যেকোনো ব্যক্তি |
বিশেষ শর্ত:
- বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আয়প্রাপ্ত করদাতার ক্ষেত্রে, এই উৎসে সংগৃহীত অগ্রিম করের ভিত্তিতে সংশ্লিষ্ট উৎসের আয় পরিগণনা করতে হবে।
- যদি পরিগণিত আয়ের চেয়ে অধিক আয় প্রদর্শিত হয়, তবে সেই অধিক প্রদর্শিত আয়ের ওপর নিয়মিত হারে কর পরিশোধ করতে হবে।
শেষকথা
অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন এই অধ্যাদেশটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

