Site icon Chartered Journal

রিটার্ন দাখিল না করায় আয়কর অফিস থেকে নোটিশ পেলে করণীয়

Steps to Handle an Income Tax Notice

যাদের টিআইএন আছে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন নাই, তাদেরকে এনবিআর নোটিশ জারি করা শুরু করেছে। সাধারণত আয়কর আইন ২০২৩ এর ১৬৬ ধারা ও ২১২ ধারা অনুযায়ী এই নোটিশ গুলো করা হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন এখন করণীয় কী? রিটার্ন দাখিল না করায় আয়কর অফিস থেকে নোটিশ পেলে করণীয় সম্পর্কে এই লেখায় বিস্তারিত আলোচনা করবো।

আয়কর নোটিশ পেলে করণীয়

বর্তমানে রিটার্ন দাখিল না করায় করদাতাদের আয়কর নোটিশ দেওয়া হচ্ছে। তাই আয়কর নোটিশ পেলে আপনাকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং নিচের ধারসমূহ অনুসরণ করতে হবে।

আয়কর রিটার্ন দাখিল করুন

যদি আপনি এখনো রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিল করুন। আপনার হয়তো করযোগ্য আয় নেই, অথবা অজ্ঞতাবশত রিটার্ন দাখিল করা হয়নি। যেকারণেই হোক না কেন এখন আপনার রিটার্নটি যথাযথভাবে পূরণ করে দাখিল করুন। যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে একজন অভিজ্ঞ আইজীবীর পরামর্শ নিয়ে আয়কর রিটার্ন দাখিল করুন। আইনগত অনেক বিষয় আছে যেগুলো সাধারণ ব্যক্তিশ্রেণীর বোধগম্য নাও হতে পারে এক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।

নোটিশের জবাব দিন

রিটার্ন দাখিল করার পর রিটার্নের অনুলিপি সহ আয়কর অফিসের নোটিশের একটা জবাব বা উত্তর লিখুন। যদিও প্রতিটা করদাতার নোটিশের জবাব তার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তথাপি একটি নমুনা জবাব নিচে দেওয়া হলো:

বরাবর,
উপকর কমিশনার/সহকারী কর কমিশনার (নোটিশে যে কর্মকর্তা স্বাক্ষর করেছেন, তার নাম লিখুন)
কর সার্কেল: —, কর অঞ্চল: —
কর সার্কেলের ঠিকানা (নোটিশে উল্লেখিত তথ্য ব্যবহার করুন)

বিষয়: আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৬/২১২ অনুযায়ী নোটিশের জবাব।
নথি নং: (নোটিশে উল্লেখিত নথি নম্বর লিখুন)

মহোদয়,

উপরিউক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, আমি (আপনার নাম), ইটিআইএন নম্বর: (আপনার ইটিআইএন), কর সার্কেল- (আপনার সার্কেল), কর অঞ্চল- (আপনার কর অঞ্চল), আয়কর আইন, ২০২৩-এর সকল বিধি মেনে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ কর বছরে প্রযোজ্য আয়কর রিটার্ন দাখিল করেছি। রিটার্নের রেজিস্টার ক্রমিক নং: (আপনার রেজিস্টার নম্বর), তারিখ: (রিটার্ন দাখিলের তারিখ) ( প্রাপ্তি স্বীকার কপি সংযুক্ত ) । তাছাড়াও আমার দাখিলকৃত রিটার্নটি আয়কর অফিস কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অনলাইনে যাচাই করলে জমা হয়েছে মর্মে প্রদর্শিত হচ্ছে ( স্ক্রীনশট সংযুক্ত ) ।

এমতাবস্থায়, আমার বিপরীতে আনীত আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৬/২১২ অনুযায়ী প্রেরিত নোটিশটি প্রত্যাহার করার সবিনয় অনুরোধ করছি।

সংযুক্তি:
১। আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র।
২। অনলাইন যাচাইয়ের স্ক্রীনশট।

নিবেদক,

(আপনার নাম ও স্বাক্ষর)
স্থায়ী ঠিকানা: (আপনার ঠিকানা)
মোবাইল নম্বর: (আপনার মোবাইল নম্বর

নমুনাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট আয়কর অফিসে যোগাযোগ করুন

জবাব লেখার পর তা আপনার সংশ্লিষ্ট আয়কর সার্কেলে জমা দিন। আপনার দাখিলকৃত রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র এবং অনলাইন যাচাইয়ের স্ক্রীনশট সংযুক্ত করে দিন। আয়কর অফিস থেকে আপনার জবাবটি রিসিভ করে নেবেন।

শেষ কথা

আয়কর নোটিশ পেলে চিন্তা করার কিছু নেই। যদি আপনি আইন মেনে চলেন এবং যথাযথভাবে রিটার্ন দাখিল করেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে নোটিশ পেলে সময়মতো কাজ করা এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানান। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Exit mobile version